বিজয় বার্তা ২৪ ডট কম
পবিত্র রমজান উপলক্ষে নারায়ণগঞ্জে কৃষক ও খামারিদের সহযোগিতায় মাসব্যাপী ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতর।
রোববার সকালে নগরীর চাষাড়ায় জিয়া হলের সামনে ভ্রাম্যমাণ এ বাজারের উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ বাসনা আক্তার। এ বাজারে পুরো রমজান মাস জুড়ে ডিম হালি প্রতি ২৬ টাকা, দুধ প্রতি লিটার ৭০ টাকা, ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৩৫ টাকায় বিক্রি করা হবে।
জেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার বলেন, করোনা পরিস্থিতির এই সময়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সবার প্রোটিন জাতীয় খাবার খাওয়া জরুরি। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের দোড়গোড়ায় এসব পুষ্টিকর খাবার পৌঁছে দিতে ভ্রাম্যমাণ বাজারের মাধ্যমে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো বলেন, কৃষক ও খামারিদের কাছ থেকে সরাসরি দুধ, ডিম ও সব ধরনের মাংস সংগ্রহ করে ভ্রাম্যমাণ বাজারের মাধ্যমে স্বল্পমূল্যে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর নির্ধারিত ছয়টি স্থানে এ বাজার পরিচালনা করা হবে। এর ফলে ভোক্তাদের পাশাপাশি ন্যায্য দাম পাবে খামারিরা।
এ সময় জেলা মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

