বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত মো. কাউছার আহম্মেদ সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীবাড়ী এলাকার কাজী একে আজাদ পাহাড়ির বাড়ির ভাড়াটিয়া। সে চাঁদপুরের ফরিদগঞ্জের চর মান্দারীর আব্দুর রহমানের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
অপরদিকে মোয়াজ্জেম হোসাইন সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া এলাকায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনার দূর্গাপুরের মউ এলাকায় তার বাবার নাম আইয়ুব আলী।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালে সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ, র্যাব ৭টি মামলা করে। পরে ঢাকা আহসান গ্রুপের এজি প্রোপার্টিজ ডেভেলপমেন্টস লিমিটেডের সিনিয়র এক্সিকিউটি সোহেল আহমেদ ও বিআরটিসি যাত্রাবাড় বাস ডিপো’র পরিযান পরিদর্শক হুমায়ুন আজাদ খান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় আরো ২টি মামলা করেন।
এখন পর্যন্ত মোট ৯টি মামলায় বিএনপি, জামায়াত নেতাসহ ১৬৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো প্রায় ৩ হাজার ৭০০ জনকে আসামি করা হয়। এ ঘটনায় এলাকাশূন্য বিএনপির নেতাকর্মীরা। এখন পর্যন্ত এসব মামলায় অনেক আসামি গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

