স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে অগ্রযাত্রার প্রত্যয়ে ২০১৬- ১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেটকে গণমুখী ও বাস্তবায়নযোগ্য বলে অভিহিত করেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বিকেলে দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশন শেষে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সামনে নেতারা এমন মন্তব্য করেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘অর্থমন্ত্রীর এবারের বাজেট বক্তব্য ঐতিহাসিক হয়েছে। বাজেট পেশ করার আগে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু প্রস্তাবিত বাজেট উপস্থাপনের মাধ্যমে সেটা দূর হয়েছে। এই বাজেটে ব্যবসা-বাণিজ্য প্রসারিত হবে। রপ্তানি বৃদ্ধি পাবে। আগামী অর্থবছরটি দেশের উন্নয়ন অগ্রগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। বাজেট বাস্তবায়নের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে বাজারে কোন নেতিবাচক প্রভাব পড়বে না।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘এই বাজেট সময়োপযোগী ও গণমুখী বাজেট। আমাদের সরকার জনগণের জন্য কল্যাণমুখী উন্নয়ন নিয়ে এগিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের উন্নয়নকে মাথায় রেখে বাজেট উপস্থাপন করা হয়েছে।’