বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজে দগ্ধ মো. সাব্বির (১৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের প্রায় ৪২ শতাংশ দগ্ধ ছিলো।
শনিবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মো. সাব্বির নারায়ণগঞ্জ সদর উপজেলার পূর্ব ইসদাইর এলাকার মো. শামিমের ছেলে। এর আগে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধে মৃত মিশালের ছেলে মিনহাজ (১৮ মাস) এর মৃত্যু হয়।
এ নিয়ে এখন পর্যন্ত গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৬ জনের মধ্যে বাবা, ছেলেসহ ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, মো. মিশাল (২৭), ছেলে ১৮ মাস বয়সী মিনহাজ, চাচাতো ভাই মাহফুজুল রহমান (১২)। বর্তমানে মিতা (২৩) ১৪ শতাংশ ও তার মেয়ে আফসানা (৫) ১০ শতাংশ দগ্ধ অবস্থায় এইচডিইউতে মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
সাব্বিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খালু মো. শহীদ জানান, সাব্বিরের শরীরের প্রায় ৪২ শতাংশ দগ্ধ ছিলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইইউতে চিকিৎসাধীন ছিলো। ভোর সাড়ে ৫টার দিকে মারা যায় । লাশ নিয়ে আসার জন্য আমরা হাসপাতালে যাচ্ছি ।

