বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা নিউ টাউন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানার এসআই মো. ইয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা নিউ টাউন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে সামসুল হুদা ওরফে সেলিম, মো. ইয়ানবী ও শাহিন নামে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে মহাসড়কের ডাকাত চক্র বিভিন্ন যানবাহনে ডাকাতি করে যাত্রীদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে আসছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে ছোরা, লোহার রড, টর্চ লাইট ও হাতুড়ি উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গ্রেফতার ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

