বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকার চঞ্চল হোসেন হত্যা মামলার প্রধান আসামি আরবকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে দেওভোগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে । পরে তাকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে ।
গ্রেফতার আরব শহরের বাবুরাইল এলাকার নুরুল হুদা ওরফে বদুর ছেলে।
নারায়ণগঞ্জ সদর থানার এসআই শাফীউল আলম জানান, চঞ্চল হত্যার প্রধান আসামি আরবকে শহরের দেওভোগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। হত্যার কারণ ও রহস্য উদঘাটন করার জন্য তাকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে ।
গত ১৪ মার্চ দুপুরের দিকে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আরব তার ভাই মিরাজ ও আনোয়ার হোসেন, ইমতিসানা মাহমুদ চানামসহ আর কয়েকজন মিলে চঞ্চলকে মারধর করে। তারা চঞ্চলের মাথা ইট দিয়ে থেঁতলে দেয়। এরপর তাকে প্রথমে খানপুর হাসপাতাল পরে ঢাকার মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সাইনবোর্ড এলাকার প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ, পরে সোহরাওয়ার্দী হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১ মে দুপুরের দিকে মারা যান চঞ্চল।
এ ঘটনায় চঞ্চলের ভাই ১৪ মার্চ বাদী হয়ে একটি মামলা করেন।

