বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে করোনা ভাইরাস প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা ও লকডাউন হওয়ায় জেলার আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এর এনডিসি, রেক্টর (সচিব) মোঃ রকিব হোসেনের সাথে জেলা প্রশাসক, নারায়ণগঞ্জসহ জেলা করোনা প্রতিরোধ ও নির্মুল কমিটি ও মানবিক সহায়তা কমিটি ও জেলা কোর কমিটির সদস্যদের ভিডিও কনফারেন্সের (জুম) মাধ্যমে এই জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পুলিশ সুপার, জেলা সিভিল সার্জন, সেনাবাহিনীর প্রতিনিধি, জন প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলেই অংশ গ্রহণ করেন।
সভায় করোনা ভাইরাস সংক্রমণ জনিত নারায়ণগঞ্জ জেলার বর্তমান পরিস্থিতি, পরিস্থিতি থেকে উত্তরণে সকল দপ্তরের গৃহীত কার্যক্রম, ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা ও মনিটরিং কার্যক্রমসহ সামগ্রিক বিষয় পর্যালোচনা করা হয়। সভায় পরিস্থিতি থেকে উত্তরণে চ্যালেঞ্জসমুহ তুলে ধরে তা দূরীকরণে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
সভায় জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রকিব হোসেন, এনডিসি সরকারি নির্দেশনার আলোকে সকল কার্যক্রম পরিচালনা এবং ন্যায্যতার ভিত্তিতে তালিকা প্রণয়নের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি সকল কার্যক্রম সমন্বয়ের জন্য এ ধরনের সভা নিয়মিত অনুষ্ঠানের নির্দেশনা প্রদান করেন।
তিনি আরো বলেন, আইইডিসিআর কর্তৃক নারায়ণগঞ্জ জেলাকে করোনা সংক্রমণ প্রবন ও ঝুকিপূর্ণ এলাকা বিবেচিত হওয়ায় আইইডিসিআর প্রদত্ত নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে আছে। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইলকোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া এ কার্যালয়ে স্থাপিত জেলা মনিটরিং সেল ও কন্ট্রোলরুম ২৪ ঘন্টা চালু রাখা আছে। উক্ত কন্ট্রোলরুমে প্রাপ্ত অভিযোগ ও পরামর্শের বিষয়ে তাৎক্ষনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোন উপকার ভোগী যেন বাদ না পড়ে এবং দ্বৈততা পরিহারের জন্য নারায়ণগঞ্জ জেলার মানবিক কাজে উদ্যোগী বিত্তশালী ব্যক্তি/সংগঠন/এনজিও কোন খাদ্য সহায়তা প্রদান করলে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ২০ নং নির্দেশনা অনুযায়ী আবশ্যিকভাবে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে নেয়ার জন্য পুনরায় অনুরোধ করা হলো। ত্রাণ বিতরণ কার্যক্রমে সবধরণের জনসমাগম, জটলা পরিহার করার জন্য এবং নিরাপত্তার প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেয়ার জন্য অনুরোধ করা হলো।

