বিজয় বার্তা ২৪ ডট কম
চিরনিদ্রায় শায়িত হলো টাইমস নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সম্পাদক ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নয়ন। তাকে পাইকপাড়া বড় কবরস্থানে সমাহিত করা হয়েছে।
দীর্ঘদিন মরন ব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে রবিবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজ্ড হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ)। মৃত্যু কালে তিনি এক সন্তান, স্ত্রী অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
নয়নের অকাল মৃত্যুতে তাঁর স্বজন, সহকর্মী ও সাংবাদিকদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। অনেকেই ভিড় জমান তার বাসায়। সেখানে সহকর্মীরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
এরপর বাদ এশা তার জানাজার নামাজে হাজারো মানুষের ঢল নামে। এতে অংশ নেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুম, সাবেক সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুুজ, বিশিষ্ট সাংবাদিক রুমন রেজা, জেলা প্রেসক্লাবের সভাপতি দীল মোহাম্মদ দীলু, বিএনপির প্রবীন নেতা জামাল উদ্দিন কালু, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান, মহানগর যুবদলের সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মাসুম বিল্লাহ্, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান কচি, সাধারন সম্পাদক এনামুল হক সিদ্দিকী, সাবেক সম্পাদক হাবিবুর রহমান শ্যামল ও সাংগঠনিক সম্পাদক তানভীর রনিসহ আরও অনেকে।
এসময় সাংবাদিক নেতারা নয়নের স্মৃতি চারণ করে কান্নায় ভেঙ্গে পড়েন। তারা নয়নের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেন। তাদের বক্তব্যের পর অনুষ্ঠিত হয় নয়নের জানাজার নামাজ।
এরপর নয়নকে নিয়ে যাওয়া হয় পাইকপাড়া বড় কবরস্থানে। সেখানে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে নয়নের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন ফতুল্লা থানার ওসি আসাদুজ্জামান। পুলিশ সুপারসহ সকলের শ্রদ্ধা শেষে তাকে সেখানেই সমাহিত করা হয়।
এর আগে শেষ বারের মত প্রিয় মানুষটিকে শুধু এক পলক দেখার জন্য হাজারো মানুষ ভীর জমায় দেওভোগ পাক্কারোড (গার্মেন্টস গলি শেষ মাথা) স্কুল মাঠে। নয়নের অকালে চলে যাওয়াটা যেন কেউ মেনে নিতে পারছিলো না। তাইতো নয়নকে দেখার পর সকলের চোঁখ দিয়ে ঝরে পড়ে অশ্রুজল।
এমন শোকাবহ পরিবেশে নয়নের পরিবারকে সান্তনা দিতে ছুটে যান নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক। তিনি নয়নের স্ত্রী ও সন্তানকে সান্তনা দিতে গিয়ে নিজেই কেঁদে ফেলেন। তবুও নিজের চোঁখের জল আড়াল করে নয়নের পরিবারকে সান্তনা দেন।

