বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ রূপগঞ্জে মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. জাহাঙ্গীর রূপগঞ্জের মঙ্গলখালীর মো. রবিউল্লাহর ছেলে।
আদালতের এপিপি অ্যাডভোকেট জাসমিন আহমেদ জানান, ২০১১ সালে রূপগঞ্জের মুড়াপাড়া সিনেমা হলের পেছন থেকে ৩০ গ্ৰাম হেরোইনসহ জাহাঙ্গীরকে গ্ৰেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তার বিরুদ্ধে মামলা করেন গোয়েন্দা পুলিশের এসআই নজরুল ইসলাম। ওই মামলায় জাহাঙ্গীরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

