বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, হকারদের বিরুদ্ধে পুলিশ নয়। আমরা অবৈধ দখলদারদের বিরুদ্ধে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। হকাররা আমাদের ভাই। আমরা সকলে মিলে-মিশে এক সাথে কাজ করতে চাই। হকারদের ধন্যবাদ দিতে চাই তারা আমাদের কাজে সহায়তা করেছে। হকাররা আমাদের সমাজের মানুষ। আমরা নারায়ণগঞ্জ জেলা পুলিশ চাই প্রতিটি মানুষ কর্মসংস্থান করে চলুক। সেই কারণে আমরা আজ হকার মার্কেটে এসেছি তাদের সুখ-দুঃখ দেখতে।
মঙ্গলবার দুপুরে সাড়ে ১২ টায় নারায়ণগঞ্জের চাষাড়াস্থিত হকার্স মার্কেটে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে পুলিশ সুপার এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আপনারা জানেন সাইনবোর্ড হতে চাষাড়া হয়ে ১ নং রেল গেইট ও ২ নং রেল গেইট এবং সিটি কর্পোরেশন পর্যন্ত প্রতিদিন লক্ষ লক্ষ লোক চলা ফেরা করে। ঐতিহাসিক বঙ্গবন্ধু সড়কে ফুটপাত দখল করে, রাস্তায় অবৈধ পার্কিং করে যানজট সৃষ্টি করে রাখলে নারায়ণগঞ্জবাসী স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারবে না। মাননীয় এমপি সেলিম ওসমান, মাননীয় মেয়র এবং মাননীয় এমপি শামীম ওসমানও আমাকে ধন্যবাদ দিয়েছেন এই জন্য যে, হকার মুক্ত ফুটপাত নারায়ণগঞ্জবাসীকে উপহার দেওয়ার জন্য। এমপি শামীম ওসমান মহোদয় বলেছেন, যানজটের কারণে উনার যেতে অনেক সময় লাগে। সেই কারণে আমরা মেইন রোড যানজট মুক্ত ও হকার মুক্ত ফুটপাত করেছি।
তিনি আরো বলেন, কিন্তু দূর্ভাগ্যজনক হলেও হকার মার্কেটে এসে দেখলাম হকার মার্কেটে হকারদের জন্য ৬৫০ টি দোকান মাননীয় মেয়র বরাদ্দ দিলেও কোন প্রকৃত হকার এই ৬৫০ টি দোকানে বসে না। যদি ৬৫০ জন হকার নিয়ম মোতাবেক উক্ত দোকানে বসত তাহলে ৬৫০ জন হকার ব্যবসা করে চলতে পারত। কিন্তু প্রকৃত সত্য হলো উক্ত হকাররা অন্যের কাছে দোকান বিক্রি করে বঙ্গবন্ধু সড়কে ফুটপাতে বসে। পুলিশ সুপার হকারদের আরো বলেন, এই দোকান অন্য জায়গায় বিক্রি না করে অন্যান্য হকারদের নিকট হস্তান্তর করতেন তাহলে আপনাদের অপর ভাইরা ব্যবসা করতে পারত।
তিনি আরো বলেন, আমি মেয়র মহোদয়ের নিকট অনুরোধ করব প্রকৃত হকার যারা তারাই হকার মার্কেটে বসবে। আরো যদি বাকি হকার থাকে তাদের জন্য আর একটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। পাশাপাশি একটি বহুতল ভবন নির্মান করে হকারদের বসার ব্যবস্থা করে দিবেন। আমি সাংবাদিক ভাইদের সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধ করব আপনারা মেয়র মহোদয়ের সাথে কথা বলেন, আমরাও কথা বলব। হকারদের জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা হোক। আমি সাধারণ ব্যবসায়ীদের বলতে চাই যে, হকার মার্কেটটি প্রকৃত হকারদের জন্যই। এখানো অন্য কেউ বসতে পারবে না।
