বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের জল্লারপাড়ে চার বছরের শিশু শিহাবউদ্দিন আলিফ হত্যা মামলায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক আনিসুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন বলেন, আমরা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করছি। একই সঙ্গে সারাদেশে যে হারে গুম খুন হচ্ছে সে বিবেচনায় স্পর্শকাতর ও দুর্ধর্ষ হত্যাকাণ্ডের মামলাগুলো গুরুত্ব সহকারে পরিচালনা করছে রাষ্ট্রপক্ষ।
নিহত আলিফের মা সালমা বেগম বলেন, আমি এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করছি এবং দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানাচ্ছি।
আদালতের সূত্রানুযায়ী, ২০১৮ সালের ১৬ আগস্ট বাড়ির সামনে দুপুরে খেলা করার সময়ে নিখোঁজ হয় আলিফ। বিকেল পাঁচটার দিকে প্রতিবেশী আলী খোকনের বাড়ির নীচতলার ভাড়াটের তালাবদ্ধ রুম থেকে এলাকাবাসী বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করে আলিফের মরদেহ। এসময় আলিফের দুই হাত বাঁধা ও মুখে রুমাল গুঁজে দেয়া ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ছিল।
নিহতের বাবা সৌদি প্রবাসী আলমগীর হোসেন পরদিন ১৭ আগস্ট সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ৩১ আগস্ট অহিদকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে গ্রেফতার করা হয়। ১ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে ঘাতক অহিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করা হয়।
ঘাতক অহিদ আদালতকে জানান, সে পেশায় রাজমিস্ত্রি। তার অর্থের প্রয়োজন ছিল তাই সে আলিফকে অপহরণ করেছিলো। কিন্তু পরে জানাজানি হওয়ার ভয়ে সে আলিফকে হত্যা করে মরদেহ বস্তায় ভরে পালিয়ে গিয়েছিলো।

