বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারীসহ মলম পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বুধবার (১৭ জুলাই) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড চৌরঙ্গী মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করে বেশ কিছু চেতনানাশক ট্যাবলেট ও মলম জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সাভারের ফেরিঙ্গীকান্দা গ্রামের নাদিম ভূইয়ার স্ত্রী ফেরুন আক্তার মনি (৩৬), তার ছেলে মো. রুমান ভূইয়া (১৯) ও পটুয়াখালীর গলাচিপার কোর্টখালী গ্রামের মৃত আব্দুল হক মোল্লার মেয়ে রুমা আক্তার সালমা (৩১)।
বৃহস্পতিবার বিকেলে র্যাব-১১ এর সিপিএসসি’র কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘ দিন যাবৎ চেতনাশক ট্যাবলেট বিভিন্ন প্রকার খাবারের সাথে মিশিয়ে মহাসড়কে চলাচলরত সাধারণ ও ঘরমুখী যাত্রীদের সেবন করিয়ে তাদের অজ্ঞান করে সর্বস্ব কেড়ে নিতো। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা নজরদারির প্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড চৌরঙ্গী মাকের্ট এলাকা থেকে মলম পার্টির এই তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
