নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত লাঞ্ছিত হওয়ায় ঘটনায় ধর্মকে নিয়ে কটাক্ষ করায় তাকে (শ্যামল কান্তিকে) শাস্তি দিয়েছি বিষয়িটর জন্য লজ্জিত হলেও ‘ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না’ বলে মন্তব্য করেছেন সাংসদ সেলিম ওসমান।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের তৃতীয় তলার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাংসদ সেলিম ওসমান এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ বলেন, ঘটনার সময় প্রায় পাঁচ হাজার লোক জড়ো হয়েছিল। তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। সে জনরোষ থেকে তাকে বাঁচানোর জন্য এ শাস্তি দেওয়া হয়েছে। তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।’
সেলিম ওসমান আরো বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে বিচারে যদি আমাকে ফাঁসিও দেওয়া হয়, তা আমি মেনে নেব। আল্লাহকে নিয়ে যাঁরা কটূক্তি করেছেন, তাঁদের শাস্তি দেওয়ার জন্য আমি ক্ষমা চাইব না।’
এ সময় সেলিম ওসমান জানান, যত দিন এ বিষয়ে হাইকোর্টের জারি করা রুলের নিষ্পত্তি না হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি যত দিন প্রতিবেদন দাখিল না করবে, তত দিন পর্যন্ত নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স, বিকেএমইএ ও সংসদ সদস্য পদে দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন তিনি।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, বিকেএমইএ’র সহ সভাপতি(অর্থ) জিএম ফারুক, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, বাংলাদেশ হোসিয়ারী এ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি মঞ্জুরুল হক, আবদুস সোবহান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দিপু, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল প্রমুখ।
এদিকে, আজ বেলা সোয়া ১১টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শ্যামল কান্তিকে স্বপদে বহালের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি স্কুল কমিটি বাতিলের ঘোষণা করেন।রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী উল্লিখিত ঘোষণা দেন। এ সময় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।