বিজয় বার্তা ২৪ ডট কম
ক্ষুদে ক্রিকেটারদের প্রতিভা অন্বেষণ এবং স্কুল পর্যায়ে প্রতিযোগিতামুলক ক্রিকেটে আরো সম্পৃক্ত করতে বিএসবি ফাউন্ডেশন আয়োজিত স্কুল ক্রিকেট ২০১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী ক্রিকেট ষ্টেডিয়ামে ফাইনাল খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া ও বিএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম কে বাশার পিএমজেএফ।
দেশের ৬৪ টি ক্ষুদে ক্রিকেট দল এই টূর্ণামেন্টে অংশগ্রহন করে। প্রতিযোগিতার ফাইনালে গাজীপুর অগ্রনী উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল ১০ উইকেটে ঢাকা ক্যামব্রিয়ান স্কুল ক্রিকেট দলকে হারিয়ে বিএসবি স্কুল ক্রিকেট টূর্ণামেন্টের প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই টূর্ণামেন্ট টি টুয়েন্টি ২০ ওভারের খেলা হিসেবে নির্ধারিত থাকলেও বৃষ্টির কারনে ১০ ওভারে গড়ায়। প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা ক্যামব্রিয়ান স্কুল দল মাত্র ৪৮ রান তুলে অলআউট হয়ে যায়। জবাবে গাজীপুর অগ্রণী উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে দুই ওভার বাকী থাকতেই উদ্বোধনী জুটিতে ৪৯ রান তুলে জয় লাভ করে। ফাইনাল খেলায় অগ্রণী উচ্চ বিদ্যালয় দলের বোলার তানভীর ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়। পাশাপাশি একই দলের হাসান টূর্ণামেন্ট সেরা খেলোয়াড় হয়।
দুপুরে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। প্রতিমন্ত্রী এ সময় জানান, স্কুল পর্যায়ে ক্রিকেট খেলাকে আরো এগিয়ে নিতে সরকার নানা পরিকল্পনা নিয়েছে। এই লক্ষ্যে দেশে আরো কয়েকটি আন্তর্জাতিকমানের ক্রিকেট ষ্টেডিয়াম নির্মান করার কথাও জানান তিনি।

