স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
সম্প্রতি বজ্রপাতে দেশের ২৬টি জেলায় নারী-শিশুসহ মোট ৮১ জন মারা গেছে। এ ছাড়া একই সময়ে কালবৈশাখীতে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। মোট মারা গেছে ৮৬ জন। এদের প্রত্যেককে তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদের কাছে টাকা পৌঁছে দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এসব তথ্য জানান।
তিনি বলেন, ২৬টি জেলায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বজ্রপাত ও ঝড়ে নিহতদের পরিবারকে ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা করে মোট ১৪ লাখ ৭০ হাজার টাকা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদেরও নগদ অর্থ দেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বলেন আর মানবসৃষ্ট দুর্যোগ বলেন, মোকাবিলায় নাগরিকদের পাশে রয়েছে জেলা প্রশাসন।
মায়া বলেন, বজ্রপাতে যেসব লোক মারা গেছেন তাদের অধিকাংশই খোলা জায়গা ও মাঠে ছিলেন। কেউ কেউ ছিলেন ধানখেতে, আবার কেউ মারা গেছেন বাসাবাড়ির উঠানে।
বজ্রপাতের ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দুদিনে বজ্রপাতে নারী শিশুসহ এত লোকের প্রাণহানির ঘটনায় দেশবাসীর সঙ্গে আমরাও উদ্বিগ্ন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করি। গত বছর বজ্রপাতে মারা গেছে ১৭ জন।’
তিনি বলেন, ‘ছোটবেলায় আমরা বজ্রপাত হলে মেঘের গর্জনে স্কুলের ক্লাস থেকে মাঠে বেরিয়ে আসতাম, কিন্তু এখন উল্টোটাই ঘটছে। বজ্রপাতে ঘর থেকে বের হলে, বিশেষ করে খোলা মাঠে নিরাপদ নয়। অধিকাংশই এবার মারা গেছেন খোলা মাঠে। তাই আমরা সবাইকে বলব, বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগে যে যেখানে থাকেন সবাই যেন নিরাপদ আশ্রয়ে থাকেন।’
সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, অতিরিক্ত সচিব সাজ্জাদ কবির প্রমুখ উপস্থিত ছিলেন।