বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ফতুল্লার কাশীপুর এলাকাতে উঠান বৈঠকে আগামীতে আবারো নির্বাচিত হলে আধুনিক একটি এলাকাতে উন্নীতকরণের আশ্বাস দেন। তিনি বলেন, আমার আশা আমি আমার মেয়েকে যখন বিয়ে দিবো তখন তাকে যেভাবে সাজাবো ঠিক একইভাবে আমি নারায়ণগঞ্জকে সাজাবো।
শুক্রবার (৩০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উঠান বৈঠকের সময়ে শামীম ওসমান আরো বলেন, আমার কাছে এখন রাজনীতি এবাদত। আর সেই এবাদতের অংশ হিসেবে আমি আল্লাহকে খুশী করতে চাই। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি অনেক কিছু পেয়েছি। আমার দাদা, বাবাসহ ৩ ভাই সবাই এমপি হয়েছি। আমি এখন উন্নয়ন করতে চাই।
তিনি আরো বলেন, আপনারা যারা ভোটার তারা নিশ্চয় বুঝেন। তাই আপনাদের কাছে ভোট চাইবো না। আপনারাই বুঝেশুনে ভোট দিবেন। কাদের দ্বারা উন্নয়ন হবে কাদের দ্বারা কাজ হবে সেটা বুঝেই ভোট দিবেন।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আইয়ুব আলী, ফতুল্লা থানা ছাত্রলীগ সভাপতি শরীফুল হক প্রমুখ।

