বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, বর্তমান স্বৈরাচারী সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে এদেশে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়, জনগনের আস্থা হারিয়েছে নির্বাচন কমিশন। তাই তাদের আর দেখতে চায় না দেশের মানুষ। অবিলম্বে এ ব্যর্থ নির্বাচন কমিশনের পদত্যাগ করতে হবে এবং বরিশাল ও রাজশাহীতে পুন:নির্বাচন দিতে হবে।
বিএনপি চেয়ারপার্সণ বেগম খালেদা জিয়ার মুক্তি ও দুই সিটিতে পুন:নির্বাচন দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২ আগষ্ট) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পিছনে চাষাঢ়া বালুর মাঠে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
এড. সাখাওয়াত আরো বলেন, বর্তমান সরকারের অধীনে দেশের কোথাও কোন শৃঙ্খলা নেই। জনগনের আমানতের টাকা ব্যাংক হতে লুট করে নিয়ে গেছে, ব্যাংকে গচ্ছিত স্বর্ণ চুরি করেছে। বড় পুকুরিয়া কয়লা খনির কয়লা কোথায় গেছে জাতি জানতে চায়। সেই সাথে এসব দূর্নীতির সাথে জড়িতদের গ্রেফতার করে লুট হওয়া টাকা, স্বর্ণ ও কয়লা উদ্ধার করতে হবে।
তিনি আরো বলেন, বিএনপি’র চেয়ারপার্সণ ও তিনবারের সফল প্রধাণমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দুরে সরিয়ে রাখতে সাজানো মামলায় প্রহসনের রায় দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে দেশের গণতন্ত্রকে এখন বন্দি করেছে এ অবৈধ সরকার। সরকারকে বলে দিতে চাই, ঈদের পর সরকারের সকল অপকর্মের প্রতিবাদে দেশের মানুষ রাস্তায় নেমে আসবে। তখন পালাবার পথ খুঁজে পাবেন না। তাই অবিলম্বে পদত্যাগ করে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। তানাহলে এদেশের জনগন আপনাদেরকে ইতিহাসেন আস্তাকূড়ে নিক্ষেপ করবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. সরকার হুমায়ুন কবীর বলেন, এ অবৈধ সরকার ব্যাংকের টাকা খেয়েছে, স্বর্ণ আর কয়লা খেয়েছে, এখন ময়লা খাওয়া বাকী। বর্তমান সরকারের মন্ত্রীসভার সব মন্ত্রী চোর। এসব চোরের দলকে নিয়ে অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ করতে হবে।
তিনি আরো বলেন, দেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে গাড়ি চাপায় মেরে ফেলা হচ্ছে। এর আগে কোটা আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রকেও মেরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হয়েছিলো। শেখ হাসিনার হাত মানুষের রক্তে লাল হয়ে গেছে, পদ্মা মেঘনার পানি দিয়েও এই দাগ মুছে ফেলা সম্ভব নয়।
বন্দর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহীন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা গুলজার হোসেন খান, মনির হোসেন খান, এড. এইচএম আনোয়ার প্রধান, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, মহানগর শ্রমিক দলের সভাপতি এমএ আসলাম, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইব্রাহীম আহমেদ বাবু, বন্দর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দিন শিশির, যুবদল নেতা স্বপন চৌধুরী, মৎসজীবী দল নেতা দেলোয়ার শাহ, আমিনুল, ইকবাল, কাঞ্চন, বন্দর থানা ছাত্রদল নেতা জাহিদ হাসান পাপ্পু, আল আমিন, বন্দর থানা তারেক জিয়া পরিষদের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক নবু হোসেন প্রমূখ।

