বিজয় বার্তা ২৪ ডট কম
রাজধানীর বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় নৌমন্ত্রী শাজাহান খানের বক্তব্যে তার পদত্যাগ, নিরাপদ সড়ক ও চালকদের দ্রুত বিচারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ সম্মিলিত কলেজ ছাত্র জনতা পরিষদ ।
মঙ্গলবার ( ৩১ জুলাই ) সকালে শহরের চাষাড়া শহীদ মিনার সামনে মানববন্ধন করে সরকারি তোলারাম কলেজ, সরকারি মহিলা কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, নারায়ণগঞ্জ কমার্স সহ বিভিন্ন কলেজ ও সাধারণ শিক্ষার্থীরা । পরে একটি বিক্ষোভ মিছিল বের করে । বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ করে ।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তরা বলেন, আমরা ধিক্কার জানাই এ সরকারের মন্ত্রী শাহজাহান খান কে । তিনি কিভাবে বলে যে ইন্ডিয়ার মতো দেশে সড়ক দুর্ঘটনায় ত্রিশ জন নিহত হয়েছে আর আমাদের দেশে মাত্র দুই জন নিহত হয়েছে । তার মুখে হাসি দিয়ে একথা মানায় না । আমরা আর কোন শিক্ষার্থীদের লাশ দেখতে চাই না । আমরা আমাদের ভাই ও বোনের লাশের বিচার চাই । ঘাতক বাস চালকের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছি । আর যাতে করে আমাদের কোন ভাই ও বোন কে এভাবে দূর্ঘটনায় মৃত্যু বরণ করতে না হয় । তারা আরো বলেন, বঙ্গবন্ধুর এদেশে এমন মন্ত্রী কিভাবে থাকে । অবিলম্বে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান কে তার এ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে আর ঘাতক বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে । তা নাহলে আরো কঠোর কর্মসূচি পালন করা হয় ।
নারায়ণগঞ্জ সম্মিলিত কলেজ ছাত্র জনতা পরিষদের আহ্বায়ক মাহফুজুর রহমানের সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন উপদেষ্টা ও জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভানেত্রী সুলতানা আক্তার, উপদেষ্টা শুভ দেব, সম্মিলিত কলেজ ছাত্র জনতা পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন, ফাহিম মুনতাসির, অর্ক, তুষার আহমেদ রানা প্রমুখ ।


