অনাবিল দাশ নির্ঝর, বিজয় বার্তা ২৪ ডট কম
আপনি আমাদের সকলের অভিভাবক, দানবীর এবং গরীবের বন্ধু। আপনি আমাদেরকে বাঁচান, আপনি আমাদের প্রাণপ্রিয় জাতীয় সংসদ সদস্য। আপনিই পারেন আমাদের পরিবারের সদস্যদের বাঁচাতে। এমন কেউ আছেন যিনি একটি বার আমাদেরকে তার সাথে দেখা করার সুযোগ দিতে। এমনিভাবেই আকুল আকুতি জানালেন গত শুক্রবার বন্দরস্থ লক্ষনখোলা এলাকায় গভীর রাতে ডাকাতদের হাতে নিহত নৈশ প্রহরী রেহানের স্ত্রী ও তার সন্তানেরা। এলাকায় গিয়ে জানা যায় রেহানের ৬ মেয়ে ২ পুত্র এর মধ্যে ৪টি মেয়েকে কোন রকমে পাত্রস্থ করেছে রেহান । বাকী ২ মেয়ে বিবাহ যোগ্যা এবং ২ পুত্রই নাবালক। একমাত্র রেহানই ছিল সংসারের উপার্জনকারী। তার মৃত্যুতে রেহানের স্ত্রী বিবাহযোগ্যা ২ মেয়ে ও ২ পুত্র নিয়ে স্বামীর অকাল মৃত্যুতে দিশেহারা এবং মানবেতর জীবন কাটাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী স্বামীর হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা করছে। রেহানের স্ত্রী বলেন, লোক মুখে শুনেছি মাননীয় এম.পি সাহেব ডাকাতদের গ্রেফতারের জন্য প্রশাসনের উচ্চ পর্যায়ে নির্দেশ দিয়েছেন। তাই আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেফতারের সকল প্রকার চেষ্টা অব্যাহত রেখেছেন। আমরা একটি বার আমাদের এম.পি সাহেবের সাথে দেখা করতে চাই। তিনি যেন আমাদের পরিবারকে বাঁচান। এভাবেই হাউমাউ করে কান্নাকাটি করে এলাকার গণ্যমান্য ব্যক্তি যাদেরকেই কাছে পান তাকেই উক্তিটি করছেন নিহত রেহানের স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা। এলাকাবাসীর আকুল আবেদন, মাননীয় সাংসদ সেলিম ওসমানের কাছে তিনি একটু সু-নজর দিলেই এই অসহায় পরিবারের সদস্যরা দু’বেলা দু’মুঠো ভাত খেয়ে বাঁচতে পারবে। এলাকাবাসী আরও জানান, নিহত অপরজন মোতালেব মিয়াও ২ স্ত্রী ও ১টি পুত্র সন্তান রেখে গেছেন। প্রথম স্ত্রীর সন্তান না হওয়ায় তিনি দ্বিতীয় বিবাহ করেছেন। তারাও ভীষণ বেকায়দায় রয়েছেন।

