স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
রাজধানীর মিরপুরে হরতালবিরোধী মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ১৪/১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার বেলা ১২টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে দলটির ডাকা হরতালের বিরোধীতায় আওয়ামী লীগ মিছিল করে। মিছিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ গোলাগুলি করে। এসময় বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ ১৪/১৫জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, শাহআলী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান ও শাহআলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাশেম মোল্লার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এসময় উভয় গ্রুপ এলোপাতাড়ি গুলি চালায়। এতে আশেপাশের সকল দোকান পাট বন্ধ হয়ে যায়। পুলিশ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সংঘর্ষে আহত ১৪ জন সেখানে ভর্তি হয়েছেন। এদের মধ্যে মাথায় গুলিবিদ্ধ ৩ জনের অবস্থা গুরুতর। এদিকে সংঘর্ষের ঘটনায় মিরপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে । তবে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আবারো যেকোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।