জামালপুর,বিজয় বার্তা ২৪
জামালপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংর্ঘষ হয়েছে। এ ঘটনায় প্রায় ৫০ জন আহত হন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ উপজেলার কামালপুরে এ ঘটনা ঘটে।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মোকারেস খোকন জানান, আওয়ামী লীগের কর্মীরা নৌকা মার্কায় ভোট চাইতে গেলে স্বতন্ত্রপ্রার্থী মোস্তফা কামালের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়।পুলিশ ঘটনাস্থল থেকে মনু মিয়া ও রবিন নামে দুই আওয়ামী লীগ নেতাকে আটক করে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাদিকুর রহমান জানান, কত রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।
জামালপুর পুলিশ সুপার (এসপি) নিজাম উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে জামালপুর থেকে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।