বিজয় বার্তা ২৪ ডট কম
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে বর্তমান প্রজন্মকে শুধুমাত্র পুথিগত শিক্ষায় শিক্ষিত করে তুললে চলবে না তার পাশাপাশি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন পৃথিবীতে বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জনের একটি হচ্ছে বছরের প্রথম দিন একসাথে ১৩ কোটি বই দেশের সকল শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া। এটি বর্তমান সরকারের একটি বিশাল সাফল্য। এ অর্জনের মাধ্যমে আমাদের প্রত্যেক শিক্ষার্থী বছরের প্রথম দিন নতুন বইয়ের গন্ধ পাচ্ছে যা বিগত দশ বছর আগেও কল্পনা করা যায়নি। তিনি বলেন আজকের প্রজন্ম হচ্ছে দেশের আাগামী দিনের কর্ণধার। তাই তাদের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখাতে হবে। যাতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে।বছরের প্রথম দিনে দেশব্যাপী বই উৎসব কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকায় অবস্থিত বিদ্যানিকেতন হাই স্কুলে বিনামূল্যে নতুন পাঠ্য বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাসেম হুমায়ুওে সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহআলম, বিদ্যানিকেত ট্রাষ্টের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন চুন্নু, সদস্য আবদুস সালাম, প্রকৌশলী সাদেকুল ইসলাম, প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র সাহা।
এ বই উৎসবে অতিথিবৃন্দ স্কুলের ১ম থেকে ৯ম শ্রেণী পর্যন্ত সকল শাখার মেধা তালিকার প্রথম ১০জন শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্য বই তুলে দেন। এ সময় স্কুলের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

