বিজয় বার্তা ২৪ ডট কম
নতুন বছরের দ্বিতীয় দিনেই নারায়ণগঞ্জ কলেজের নির্মাণাধীন নতুন ১০ তলা ভবনের ৬ষ্ঠ তলার ছাদ ঢালাই দেওয়া হবে। ইতোমধ্যে ভবনটির ৫ তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। পাশাপাশি ৩য় তলা পর্যন্ত প্রায় ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান সরেজমিনে নির্মাণ কাজের পরিদর্শন করে কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
রোববার ৩১ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় এমপি সেলিম ওসমান সরেজমিনে ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে কলেজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক শীতলক্ষা পত্রিকার সম্পাদক আরিফ আলম দিপু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, দৈনিক ইনকিলাবের নারায়ণগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান মিন্টু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মনির হোসেন।
নির্মাণ কাজের পরিদর্শন শেষে নিয়মানুযায়ী কলেজের সম্মেলন কক্ষে পরিচালনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় কলেজের সার্বিক কার্যক্রম এবং কলেজের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে মাসিক সভায় আরো উপস্থিত ছিলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের মধ্যে ফারুক বিন ইউসুফ পাপ্পু, কামরুল হাসান মুন্না, মোস্তফা কামাল, ডাক্তার শাহনেওয়াজ চৌধুরী, আরিফ মিহির, রফিকুল ইসলাম প্রমুখ।

