বিজয় বার্তা ২৪ ডট কম
পাত্রীর নাম ইশিতা আক্তার ইশি। বয়স ১৭ বছর ৪ মাস। স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণীতে পড়াশোনা করে। ইশির বিয়ে ঠিক হয় আমেরিকা প্রবাসী এক পাত্রের সঙ্গে। শুক্রবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের বন্দরের চাপাতলী এলাকায় ধুমধাম করে তার বিয়ের আয়োজন করা হয়। কিন্তু পাত্রীর বয়স এখনও ১৮ পূর্ণ হয়নি। এ ছাড়া ইশির রয়েছে পড়াশোনা করার ইচ্ছা। এ দিকে কিশোরী বিয়ের খবরটি এলাকাবাসীর মাধ্যমে জানতে পারল প্রশাসন। এরপর ১৮’র আগে বিয়ে নয় এ কথাটি বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী উভয় পক্ষকে বুঝাতে সক্ষম হলেন। উভয় পক্ষ অঙ্গিকার করলেন পাত্রীর বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে নয়। তাই খাওয়া-দাওয়া হল। কিন্তু বিয়ে রেজিষ্ট্রি হলনা। বিয়ের জন্য উভয় পক্ষকে ৮ মাস প্রতীক্ষা করতে হবে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
