বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পাগলা শান্তি নিবাস এলাকায় সোমবার সকালে একটি পুরনো বাড়ি ভাঙ্গার সময় দেয়াল ধসে একই পরিবারের তিন শিশু সহ চারজন নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন তিন বোন লামিয়া(১২), লাবনী(৮), লিমা(৩)এবং শ্রমিক মোস্তফা(৩০)। আহত দুইজন শ্রমিক সাদেক ও ইউসুফ। নিহত লামিয়া স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বলে তার পিতা সাইফুল ইসলাম জানিয়েছে। তারা এখানে জসীমউদ্দিনের কলোনীতে ভাড়া থাকতো। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী। সাইফুল ইসলাম পেশায় একজন ট্রাক হেলপার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ পুরতান সড়কের ফতুল্লা থানার পাগলা শান্তিনিবাস এলাকার চান মিয়ার বাড়ি নুতনভাবে নির্মান করার জন্য পুরাতন অংশটি ভাঙ্গার কাজ করছিল শ্রমিকরা। এসময় পাশের কলোনীর বাসিন্দা তিন বোনখেলছিলো। আকস্মিকভাবে বাড়ির দেয়াল ভেঙ্গে পড়লে ঘটনাস্থলেই তিন শিশু বোন মারা যায়। আহত অবস্থায় তিন শ্রমিককে এলাকাবাসি উদ্ধারকরে ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর পর মোস্তফা মারা যায়। এলাকাবাসী এই দূর্ঘটনার জন্য বাড়ির মালিক চাঁন মিয়া ও ঠিকাদান ঈসমাঈল হোসেনকে দায়ী করে তাদেরকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
ফতুল্লা থানা পুলিশ জানিয়েছে, বাড়ির মালিক চান মিয়া এবং ঠিকাদার ইসমাইল হোসেন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। দূর্ঘটনার ব্যাপারে তদন্ত চলছে। কারো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
