বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেনপাড়া এলাকায় এক প্রেমিককে ইয়াবা দিয়ে ফাসাতে গিয়ে নিজেই ফেসে গেলেন তার প্রেমিকা যাদু খান নুপুর। এ বিষয়ে গতকাল বুধবার দুপুরে ওই প্রেমিকার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা কাঁচপুর সেনপাড়া এলাকার ভাড়াটিয়া ও ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার চন্দ্রপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন মেয়ে যাদু খান নুপুরের সঙ্গে নরসিংদী জেলার ঘোড়াশাল পলাশ এলাকার কাজৈর গ্রামের আব্দুল হাকিমের ছেলে ও ডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেমায়েত হোসেনের কয়েক মাস পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল সকালে দুজনে সোনারগাঁ অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ঘুরতে আসেন তারা। এ সময় প্রেমিকা যাদু খান নুপুরের সঙ্গে থাকা ১শত ৩০ পিস ইয়াবা বড়ি দিয়ে তার প্রেমিক হেমায়েত হোসেনকে পুলিশ দিয়ে গ্রেফতার করাতে গিয়ে নিজেই ফেসে গেলেন তিনি।
গতকাল দুপুরে থানা হাজতে গ্রেফতারকৃত যাদু খান নুপুরের সঙ্গে কথা হলে তিনি বলেন, তার সজীব মিয়া নামে এক বন্ধুর কথা মত হেমায়েত হোসেনের সঙ্গে আট মাস পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তার বন্ধুর কথামত তিনি ইয়াবা দিয়ে তার প্রেমিক হেমায়েত হোসেনকে ফাসাতে গিয়ে তিনি নিজেই ফেসে গেলেন এ কথা বলে তিনি কান্নায় ভেঙ্গে পরেন।
হেমায়েত হোসেন সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি সম্পূর্ণ ষড়যন্ত্রের শিকার। আমার প্রতিপক্ষ সজীব মিয়া আমাকে রাজনৈতিক ভাবে হেয় করার জন্য যাদু খান নুপুরকে দিয়ে আমাকে ইয়াবা দিয়ে ফাসাতে চেয়েছিল।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
