বিজয় বার্তা ২৪ ডট কম
পুলিশ যেখানে ব্যার্থ সেখানে এলাকাবাসীই এবার মাদক নির্মূলে মাঠে নেমেছেন। গতকাল শুক্রবার জুম্মার পর নারায়ণগঞ্জ বন্দরের রসুলবাগ পঞ্চায়েত কমিটির প্রায় ৩ শতাধিক লোক রসুলবাগ ও নূরবাগ এলাকায় মাদক নিমূল অভিযান চালান। পঞ্চায়েত কমিটি কুখ্যাত মাদক ব্যবসায়ী জুলহাস (৪০) কে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ তার কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম, গাঁজা ও ইয়াবা উদ্ধার করে। গত বৃহস্পতিবার রাতে মাদক ব্যবসায়ী মনিরকে মাদক ব্যবসায় বাধা দেয়ায় মাদক ব্যবসায়ী মনির চাপাতি দিয়ে একই এলাকার আল আমিনকে হাতে কুপ দিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনার পর থেকে পঞ্চায়েত কমিটি এলাকা থেকে মাদক নির্মূলের উদ্যোগ নেয়।
পঞ্চায়েত কমিটির সভাপতি সেলিম জানান, পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, সদস্য আসলাম, হামিদ, বশির, শাহআলম, খোকন, মজিবর, এমদাদ, হযরত আলীসহ প্রায় ৩ শতাধিক লোক মাদক নিমূলে নামেন। রসুলবাগ ও নূরবাগ এলাকার ইয়াবা ডিলান গাজী, মনির, ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী রাজা, জুলহাস, মুকুল, রুবেল, নিজাম, বাবু ও সিরাজের মাদক ব্যবসায় এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে। মাদক ব্যবসায়ীরা এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করলেও পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনা। তাই এলাকাবাসীই আগামী প্রজন্মের কথা বিবেচনা করে এলাকা থেকে মাদক নিমূলের উদ্যোগ নেন।
