স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বায়োমেট্রিক পদ্ধতিতে পুনর্নিবন্ধিত না হওয়া সিম আগামী ১লা মে তিন ঘণ্টা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে মোবাইল অপারেটর এয়ারটেল আয়োজিত বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধন বিষয়ে এক সচেতনতা র্যালির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ১লা মে সব অনিবন্ধিত সিম ৩ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। এর দু-একদিন পর আবার কয়েক ঘণ্টা বন্ধ থাকবে। এরপর অল্প সময়ের মধ্যে এসব সিম পুরোপুরি অচল হয়ে যাবে।
তিনি বলেন, আমরা জানি এ কার্যক্রমের কারণে ৩রা মের পর কিছুসংখ্যক সিম ঝরে পড়বে। তাতেও আমাদের অবস্থান বদলাবে না। তিনি বলেন, গত দুই সপ্তাহে গ্রাহকদের মধ্য থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। বর্তমানে দেশে ১৩ কোটির বেশি সিমহোল্ডার আছেন। এর মধ্যে প্রায় সাত কোটি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে পুনর্নিবন্ধন করতে সক্ষম হয়েছি। এ ধারা অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষে পৌঁছানো যাবে।
প্রতিমন্ত্রী জানান, যেসব প্রবাসী বাইরে আছেন তাদের জন্য বিশেষ সুযোগ দিয়ে নির্দেশনা দেয়া হয়েছে। তাদের সিম নিবন্ধনের জন্য এক বছর সময় দেয়া হয়েছে।
র্যালি উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়েজুর রহমান চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিডি শর্মা প্রমুখ।