বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে তেল, গ্যাস,খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রতিবাদ সমাবেশ শেষে দুর্বৃত্তদের হামলা হয়েছে। হামলায় কবি আরিফ বুলবুল ও সংগীত শিল্পী অমল আকাশসহ পাঁচ সাংস্কৃতিক কর্মী আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, বিকেলে শহীদ চাষাঢ়ায় মিনারে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সুন্দরবন রক্ষা এবং রামপাল কয়লা ভিত্তিক তাপ-বিদ্যুৎ প্রকল্প বন্ধ করার দাবিতে সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও কর্মীরা সেখানে অবস্থান করলে অতর্কিতভাবে একদল দূর্বৃত্ত্ব লোহার পাইপ ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় গুরুতর আহত হন কবি আরিফ বুলবুল, সমগীত সাংস্কৃতিক সংগঠন এর প্রধান সমন্বয়ক অমল আকাশ, গায়েন শিল্প গোষ্ঠীর সংগীত শিল্পী আহমেদ বাবলু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল ও উদীচীর সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহীন আহমেদ গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। আহতদের মধ্যে কবি আরিফ বুলবুলের অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে এই ঘটনায় সাংস্কৃতিক সংগঠনের লোকজন শহরে বিক্ষোভ মিছিল বের করেন। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
নারায়ণগঞ্জের সংগঠনের আহবায়ক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিগত সময়ে যারা সাংস্কৃতিক ব্যক্তিদের উপর হামলা করেছিল তারাই পরিকল্পিতভাবে এ হামলা করেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক(ওসি)মো. আসাদুজ্জামান খান জানান, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে। এটা অনুষ্ঠান কেন্দ্রিক হামলা নয়। পূর্বের কোন ব্যক্তিগত শত্রুতার জের ধরে কেউ হামলা চালাতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
