বিজয় বার্তা২৪ ডটকমঃ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেন যাত্রা শুরু হয়েছে। বুধবার সকাল থেকে অগ্রিম টিকেটের ট্রেনগুলো যথা সময়ে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাচ্ছে। তবে প্রথম দিন হওয়ায় যাত্রীদের তেমন ভিড় নেই।
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ট্রেনের অগ্রিম টিকিটে বুধবার সকাল থেকে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। কিন্তু প্রথমদিনেই এক ঘণ্টা দেরিতে কমলাপুর থেকে ছেড়ে গেছে উত্তরবঙ্গগামী রংপুর এক্সপ্রেস।
কমলাপুর স্টেশনের ৩ নম্বর প্লাটফর্ম থেকে রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় ছেড়ে যাবার কথা থাকলেও তা স্টেশন ছেড়ে গেছে সকাল ১০টায়।
যারা অগ্রিম টিকেট নিয়ে স্টেশনে আসছেন, তাদের টিকেটে দেখে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেয়া হচ্ছে। আর যাদের টিকেটে নেই তাদের জন্য ভ্রাম্যমাণ টিকেটের ব্যবস্থা রয়েছে।
বুধবার সকাল ৬টা ৩৫ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেছে পারাবত এক্সপ্রেস। এর পর চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ছেড়ে যায় সকাল ৭টায়।
এছাড়া কিশোরগঞ্জের এগারসিন্ধুর ৭টা ১৫ মিনিটে, জামালপুরের তিস্তা ৭টা ৩১ মিনিটে, চট্টগ্রামের উদ্দেশে মহানগর প্রভাতি ৭টা ৪৮ মিনিটে আর সকাল ৮টা নীলপামারির উদ্দেশ্যে ছেড়ে নীলসাগর এক্সপ্রেস।
তবে রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় ছেড়ে যাবার কথা থাকলেও সেটি কমলাপুরে আসতে দেরি হওয়ায় এবং একটি বগি পরিবর্তনের প্রয়োজন হওয়ায় ঘণ্টাখানেক বিলম্বিত হয়।
প্রথমদিনেই রংপুরের ট্রেনের দেরি সম্পর্কে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, ট্রেন স্টেশনে পৌঁছতেই দেরি করেছে। এছাড়া কোচ বিকল থাকায় তা ঠিক করতে কিছুটা সময় লেগেছে।
তবে প্রথমদিনেই শিডিউল বিপর্যয়ের প্রভাব অন্যান্য ট্রেনের সময়সূচীতে পড়বে বলেও জানান তিনি। বলেন আমরা চেষ্টা করছি যেন যাত্রীদের কোনো প্রকার ভোগান্তি না হয়।
