বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে এন.টি এ্যাপারেলস লিমিটেড নামক একটি পোষাক তৈরির কারখানায় ইফতারের খাবার খেয়ে প্রায় ৫৮ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
মঙ্গলবার সকালে ফতুল্লার শিয়াচর পিলকুনী এলাকায় অবস্থিত এই পোশাক তৈরির কারখানার অসুস্থ শ্রমিকদের প্রথমে নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ১০০ শয্যা বিশিষ্ট ভিক্টোরিয়া হাসপাতালে রেফার্ড করা হলে সেখানে ভর্তি করা হয়।
সরেজমিনে জানা যায়, সোমবার সন্ধ্যায় কারখানার দেওয়া ইফতার খাওয়ার পর থেকে শ্রমিকরা অসুস্থ হয়ে পরেন। এদিকে মঙ্গলবার সকালে কর্মক্ষেত্রে যোগদান করার পর শ্রমিকরা আরো অসুস্থ হয়ে পরেন। গার্মেন্টেসে আতংক ছড়িয়ে পড়লে আরো শ্রমিক অসুস্থ হয়ে যায়। পরে এ অবস্থায় মালিক পক্ষের লোকজন গার্মেন্টসটি বন্ধ ঘোষণা করেন এবং অসুস্থ শ্রমিকদের হাসপাতালে ভর্তি করান।
অসুস্থ পুরুষ শ্রমিকের তুলনায় নারী শ্রমিকের সংখ্যা বেশী রয়েছে।
অসুস্থ শ্রমিকরা জানান, সোমবার গার্মেন্টসের দেওয়া ইফতার খাওয়ার পর থেকেই আমরা অসুস্থ হয়ে পরি। সকালে কর্মক্ষেত্রে যোগদান করার পর আমাদের অবস্থা আরো খারাপ হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইফতারের খাবার নিম্ন মানের হওয়ায় আমাদের এমন অবস্থা হয়। এর আগে ইফতার খাবার খারাপ ছিল সে কথা মালিকদের জানিয়েছিলাম তারা কোন ব্যবস্থা নেননি। ইফতার সরবরাহকারীকে ধরলে আসল রসহ্য বের হয়ে আসবে।
এ ব্যাপারে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আরএনও ডা. আসাদুজ্জামান জানান, শ্রমিকরা সাইকোজেনিক ইলনেস (গণহিস্টিরিয়া) রোগে আক্রান্ত হয়েছে। আর বেশী শ্রমিক আতংক হয়ে অসুস্থ হয়ে পরে। এ পর্যন্ত ৫৮ শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছে।
এ বিষয়ে মালিক পক্ষ জানান, আমরা বিষয়টি দেখছি। যেখান যা দরকার ব্যবস্থা করছি।
