বিজয় বার্তা২৪ ডটকমঃ
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এগিয়ে থাকলেও চাপ নিতে চান না ভারত অধিনায়ক ভিরাট কোহলি। আর তরুণ এক দল নিয়ে ফাইনালে উঠে শিরোপার স্বপ্ন দেখছেন পাকিস্তান কোচ ও অধিনায়ক। ওভালে ম্যাচ শুরু বেলা সাড়ে তিনটায়।
চ্যাম্পিয়নস ট্রফি হাতে দুই অধিনায়কের হাস্যজ্জ্বল মুখ। কয়েক ঘণ্টা পর মিলিয়ে যাবে কোহলি-সারফ্রাসজের এই হাসিমাখা মুখ। জয়ের নেশায় উড়ে যাবে দুই দেশের বন্ধুত্ব-ক্রিকেটীয় সম্প্রীতি।
ফেবারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করে ভারত। গ্রুপ পর্বে একবারই ভুল করেছিলো অনিল কুম্বলের দল। ভুল থেকে দ্রুত শিক্ষা নিয়ে ঘুরে দাড়িয়েছে টিম ইন্ডিয়া।
শেষ চারে বাংলাদেশকে হারিয়ে ফাইনালের ড্রেস রিহার্সেল শতভাগ হয়েছে। রোহিত-ধাওয়ান-কোহলিরা প্রতি ম্যাচেই ভারতকে রান পাহাড়ে তুলছেন। বোলাররা প্রতিপক্ষকে দাঁড়াতে দিচ্ছে না। ভুবনেশ্বর-বুমরা-যাদব-জাদেজাদের ম্যাচ উইনিং পারফর্মেন্স ভারতকে আস্থা দিচ্ছে।
ভারতের অধিনায়ক ভিরাট কোহলি বলেন, গত কয়েক বছরে আমাদের ওপর প্রত্যাশাটা অনেক বেড়েছে। আমরা চেষ্টা করছি সেটার প্রফিলন ঘটাতে। কিন্তু সব দিন সমান যায় না এটাও বুঝতে হবে। নিজেদের দিনে পাকিস্তান যে কাউকে হারিয়ে দিতে পারে। তবে আমরা আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।
টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তানকে গোনায় ধরেননি কেউই। আনপ্রেডিকটেবল দলটাই দারুণ পারফর্মেন্সে ফাইনালে জায়গা করে নিয়েছে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয় পাকিস্তানের অনুপ্রেরণা।
ইনজুরির কারণে শেষ চার মিস করেছেন আমির। পাকিস্তানের জন্য সুসংবাদ ফাইনালে পাওয়া যাচ্ছে এই পেইস সেনসেশনকে। সঙ্গে হাসান আলির ইনফর্ম পাকিস্তানের জন্য বোনাস। অভিজ্ঞ আজহার-হাফিজদের সঙ্গে তরুণ ফাকার জামান আস্থা দিচ্ছে মেন ইন গ্রিনদের।
পাকিস্তান কোচ মিকি আর্থার বলেন, ছেলেরা ভাল খেলছে গত কিছুদিনে। আমরা আসলে জয়ের জন্যই খেলতে নামবো। সবাই খুব ভাল অবস্থায় আছে।
পাকিস্তান অধিনায়ক সারফ্রাজ আহমেদ বলেন, প্রথম ম্যাচ থেকেই আমরা নকআউট হিসেবেই খেলছি। ফাইনালটাও আমাদের কাছে সেরকমই। দলের সবাই যেরকম খেলছে তাতে জয় অসম্ভব না।
চ্যাম্পিয়নস ট্রফিতে দ্বিতীয়বার ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। দুই হাজার সাতের ফাইনালে জিতেছিলো ধোনির দল।
