বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন ঈদকে সামনে রেখে নিজ নিজ এলাকার দরিদ্র অসহায় মানুষদের খোঁজে বের করে তাদের সহযোগীতা করতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহবান রেখেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। সেই সাথে এলাকার বাড়িওয়ালাদের মাধ্যমে নতুন এবং পুরাতন ভাড়াটিয়াদের ছবি ও জাতীয় পরিচয়পত্র সহ যাবতীয় তথ্য সংগ্রহ করে জঙ্গীবাদ ও সন্ত্রাস নিমূর্লে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগীতা করার অনুরোধ জানিয়েছেন তিনি।
সোমবার ১২ জুন বিকেল ৪টায় রাইফেল ক্লাবে নারায়ণগঞ্জ-৫ আসনের আওতাধীন সিটি করপোরেশনের ১৭টি ওয়ার্ড ও ৭টি ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বারদের সাথে মত বিনিময় সভায় সংসদ সদস্য সেলিম ওসমান এসব কথা বলেন।
সেলিম ওসমান সকলের প্রতি আহবান রেখে বলেন, আপনার নিজ নিজ এলাকায় গিয়ে খোঁজ নেন। যারা অসহায় দরিদ্র মানুষ আছে তারা যাতে ঈদে সবার মত আনন্দ করতে পারে তাদের জন্য সেই ব্যবস্থা করেন। পাশাপাশি নারায়ণগঞ্জ থেকে জঙ্গী ও সন্ত্রাস নির্মূলের জন্য আপনারা নিজ নিজ এলাকায় বাড়িওয়ালাদের মাধ্যমে নতুন এবং পুরাতন সকল ভাড়াটিয়াদের ছবি এবং জাতীয় পরিচয়পত্র সহ যাবতীয় তথ্য সংগ্রহ করে পুলিশ প্রশাসনকে দিয়ে সহযোগীতা করুন। যাতে করে পুলিশ প্রশাসনের কাছে নারায়ণগঞ্জে বসবাসকারী সকলের তথ্য থাকে এবং জঙ্গী নির্মূলে তাদের কাজটি সহ হয়। আজ থেকেই আপনারা কাজ শুরু করুন। নারায়ণগঞ্জ থেকে কাজটি শুরু করলে একটা সময় সারা দেশেই এমনটা হবে।
আসন্ন ঈদকে সামনে রেখে যানজট নিরসন ও রাস্তায় যাতায়াতকারীরা যাতে ছিনতাইকারী, মলমপার্টি বা অজ্ঞান পার্টির খপ্পরে না পড়েন সেই বিষয়েও সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি।
মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, সিটি করপোরেশনের কাউন্সিলর জমশের আলী ঝন্টু, শওকত হাসেম শকু,নাজমুল আলম সজল, আব্দুল করিম বাবু, ফয়সাল সাগর, হান্নান সরকার, সুলতান আহম্মেদ, গোলাম নবী মুরাদ, আফজাল হোসেন, শামসুজ্জোহা, এনায়েত হোসেন কামরুজ্জামান বাবুল, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি, গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান নওশেদ আলী সহ প্রতিটি ইউনিয়নের সদস্যরা।
