বিজয় বার্তা২৪ ডটকমঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’ সেন্টমার্টিনে আঘাত হেনেছে। এতে দ্বীপটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। টেকনাফেও বইছে ঝড়ো হাওয়া। এতে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘূর্ণিঝড় মোরা এখন প্রচণ্ড বেগে ধেয়ে আসছে উপকূলের দিকে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সকালে ঘূর্ণিঝড় ‘মোরা’ সেন্টমার্টিনে আঘাত হানে। এতে দ্বীপটিতে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয় এবং কয়েকশ মাছ ধরার ট্রলার ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে ঘূর্ণিঝড় মোরার কারণে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে সকালে সমুদ্র আরো উত্তাল হয়েছে। সেই সঙ্গে বাড়ছে জোয়ারের পানি। কক্সবাজারের নিম্নাঞ্চলের প্রায় ৪০টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। মাছ ধরার নৌকাগুলোকে নিরাপদ স্থানে অবস্থান নিতে বলা হয়েছে। এদিকে, গতকাল রাতেই কক্সবাজারের ৫৫৮টি আশ্রয় কেন্দ্রে ৫০ হাজারের মতো মানুষ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা। একই অবস্থা চট্টগ্রামের পতেঙ্গাতেও। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। বন্দরে নতুন করে জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এদিকে মোংলা উপজেলা প্রশাসন, পৌরসভা এবং বন্দর কর্তৃপক্ষ থেকে ৩টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৪২টি সাইক্লোন শেল্টার। বরিশাল থেকে বন্ধ রয়েছে সব রুটে নৌ-যান চলাচল। এছাড়া, ঘূর্ণিঝড় মোরার প্রভাবে দেশের ফেনী, বাগেরহাট, পটুয়াখালীসহ উপকূলীয় জেলাগুলোতে দমকা হাওয়াসহ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
