বিজয় বার্তা ২৪ ডট কম
প্রয়াত নাসিম ওসমান স্মৃতি ক্রিকেট কোচিং একাডেমির প্রতিষ্ঠাতা আলহাজ্ব আজমেরী ওসমান বলেছেন, আমার বাবা প্রয়াত নাসিম ওসমান নারায়ণগঞ্জে খেলাধূলার উন্নয়নে অবদান রেখেছেন। তিনি সব সময় এই জেলার মানুষদের কথা ভাবতেন। আমি আমার বাবার মত আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমার বাবার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।
শুক্রবার বিকেলে খানপুর বরফকল মাঠে প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খেলাধূলা মানুষের শরীর ও মন ভাল রাখে। যুব সমাজকে সঠিকভাবে লেখাপড়া করতে হবে। আর পাশাপাশি খেলাধূলা করতে হবে। যা যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করবে। কারন যারা খেলাধূলায় ব্যস্ত থাকে তারা মাদকের সাথে জড়ায় না। আপনারা বেশী বেশী করে এই রকম প্রতিযোগীতার আয়োজন করবেন। আমাকে আপনাদের পাশে পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি ক্রিকেট কোচিং একাডেমির সভাপতি তরিকুল ইসলাম লিমন, ১১নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি হাজ্বী মোঃ মঞ্জু সরদার, জাতীয় পার্টির নেতা মোঃ রফিক আহম্মেদ ভূইয়া, ১২নং ওয়ার্ড যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক জোনায়েদ হোসেন ঝুনু সহ অন্যান্যরা।
অলিদ, মনির, আশিক, লিংকন, সোহান, রাব্বীর বন্ধু মহলের উদ্যোগে টুর্নামেন্টটির আয়োজন করা হয়। নকআউট সিস্টেমে এই খেলায় ১৮ টি দল অংশগ্রহন করেন। ফাইনাল খেলায় বিপ্লব একাদশ স্বাধীন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
আলোচনা শেষে বিজয়ী দল বিপ্লব একাদশের হাতে পুরস্কার তুলে দেন আজমেরী ওসমান।
