বিজয় বার্তা ২৪ ডট কম
খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সি ব্লকে নতুন আধুনিক বহুতল ভবন নির্মাণ কাজের জন্য অচীরেই টেন্ডার আহবান করা হবে। সরকারী অর্থায়নে খানপুর ৩০০ শয্যা হাসপাতালকে ৫০০ শয্যা হাসপাতালে রূপান্তরিত করতে নতুন ওই ভবনটি নির্মাণ করা হবে। প্রথম ধাপে ১৫ তলা ফাউন্ডেশনে ভবনটি ৭তলা পর্যন্ত নির্মিত হবে। ইতিমধ্যেই ভবন নির্মাণের জন্য ৭০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। নতুন ভবনের সাথে সাথে বৃদ্ধি পাবে হাসপাতালের চিকিৎসা সেবার মান। সেই সাথে খানপুর হাসপাতালে চিকিৎসা সেবায় যুক্ত হবে রেডিওলজি, আইসিইউ, কার্ডিওলজি, ও বার্ন ইউনিট। যার ফলে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ খানপুর হাসপাতাল থেকেই উন্নত চিকিৎসা গ্রহন করতে পারবেন। ইতিমধ্যে নতুন ভবন নির্মানের জন্য মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে।
রোববার ২১ মে বিকেল ৩টায় খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির ৭ম মাসিক সভায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রৌকশলী মাহবুবুল আলম এ সব তথ্য তুলে ধরেন।
সভায় উপস্থিত সকলে খানপুর হাসপাতালকে ৩০০ শয্যা থেকে ৫০০ শয্যা উন্নীত করতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের অবদানের কথা তুলে ধরেন। এদিকে এমপি সেলিম ওসমান এমন সফলতার জন্য কমিটির সকল সদস্যদের সার্বিক সহযোগীতা ও পরিশ্রমের ফলেই সম্ভব হওয়ার কথা তুলে ধরেন। পাশাপাশি হাসপাতালের উন্নয়ন ও অর্থ বরাদ্দের জন্য আনুষ্ঠানিক ভাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ধন্যবাদ জানানোর কথা বলেন।
নির্মিত হতে যাওয়া নতুন ৭তলা ভবনের নিচতলায় থাকবে গাড়ি পাকিং, জরুরি বিভাগ, রেডিওলজি এবং সার্ভিস ব্লক, দ্বিতীয় তলায় কনসালন্টেন্ট প্যাথলজি, তৃতীয় তলায় প্রশাসনিক কার্যালয় ও প্যাথলজি, চতুর্থ তলায় অপারেশন থিয়েটার ও আইসিইউ, পঞ্চম তলায় কার্ডিওলজি ইউনিট, ষষ্ঠ ও সপ্তম তলায় রোগীদের ওয়ার্ড, কেবিন, চিকিৎসকদের কক্ষ। এছাড়াও থাকবে মুর্হুষ রোগী ও সাধারণ রোগীদের ব্যবহারের জন্য পৃথক লিফট। দ্বিতীয় ধাপে ভবনটির বাকি অংশ নির্মিত হলে সেখানে আরো অন্যান্য বিভাগ চালু করা হবে।
সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার নিতীশ কান্তি দেবনাথ হাসপাতালে বিদ্যমান সমস্যা তুলে ধরে তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা তুলে ধরেন। পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য সেলিম ওসমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে যা যা দরকার তার সকল কিছুই প্রস্তাবনা আকারে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির কাছে জমা দেওয়ার অনুরোধ করেন। সেই প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি সহ নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের সহযোগীতায় সেই সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ২০১৬ সালের ১৬ নভেম্বর নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান খানপুর ৩০০ শয্যা হাসপাতালকে আধুনিকায়ন ও মেডিক্যাল কলেজে রূপান্তরিত করার লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে সাক্ষাত করেন। স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের ২ দিন পর ১৯ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রনালয়ের একটি প্রতিনিধি দল সরেজমিনে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনে আসেন। পরবর্তীতে ২০১৭ সালের ২১ মার্চ একনেকের বৈঠকে খানপুর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করতে ৯০ কোটি টাকার অর্থ বরাদ্দ অনুমোদন করেন।
প্রসঙ্গত, খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উন্নয়নে সংসদ সদস্য সেলিম ওসমান তার ব্যক্তিগত তহবিল এবং ব্যবসায়ীদের সহযোগীতায় ২টি নতুন অ্যাম্বুলেন্স, ৮৫টি বৈদ্যুতিক পাখা, সার্বিক নিরাপত্তায় ৬৩টি সিসি টিভি ক্যামেরা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে অচল জেনারেটর সচল, বিশুদ্ধ খাবার পানির নিজ ডিপটিউবওয়েল, সম্মেলন কক্ষ আধুনিকায়ন, ডাক্তারদের ডিজিটাল হাজিরা মেশিন সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পন্ন করেছেন।
সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রৌকশলী মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জসিম উদ্দিন, বিকেএমইএ এর প্রতিষ্ঠাকালীন সভাপতি মঞ্জুরুল হক, বিকেএমইএ এর সহ সভাপতি(অর্থ) জিএম ফারুক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ সহ অন্যান্য কর্মকর্তারা।
