বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, আমি আবারও যুদ্ধের জন্য প্রস্তুত আছি । কারন আমি একজন মুক্তিযোদ্ধা । মুক্তিযুদ্ধের চেতনা ছিল গনতন্ত্র । আর একদলীয় গনতন্ত্রের হাত থেকে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছি ।
রবিবার সকাল ১১ টার দিকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের পূর্বে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, তারা বাংলাদেশে বাকশাল কায়েম করেছিল । মানুষের জান মাল লুট করেছে । ১৯৭৬ ও ৪ ঠা জানুয়ারির মত নির্বাচন আর এদেশে হতে দিবো না । এই অবৈধ সরকার আবারও অবৈধ ভাবে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে । কিন্তু এদেশের জনগণ তা আর মেনে নেবে না । নির্বাচনের ফলাফল জনগণের সামনে প্রকাশ করতে হবে । তা নাহলে এই সরকার পালানোর সময় পাবে না । তিনি আরো বলেন, এই অবৈধ সরকার ক্ষমতায় এসে একে একে সবার গনতন্ত্র কেড়ে নিয়েছে । এই দল এদেশের মানুষের দল । শত চেষ্টা করলেও তা ধ্বংস হবে না । আমরা এই বিক্ষোভের মাধ্যমে বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি ।
এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক খসরু, সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মান্নান, আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, মাশুকুল ইসলাম রাজীব, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার সহ অনেকেই ।
পরে তারা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়।

