বিজয় বার্তা২৪ ডটকমঃ
ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ২৩ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের পরপরই উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ২ বলে উল্লেখ করা হয়েছিলো।
ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া না গেলেও, একটি পুরনো ভবন ধসে পড়ার কথা জানা গেছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়- সাধারণ ঢেউয়ের চেয়ে এক মিটার বেশি উচ্চতার ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে- ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ফিলিপিন্সের দক্ষিণের ব্যালানগোনান উপকূল থেকে ৩১ কিলোমিটার পশ্চিমে প্রশান্ত মহাসাগরে। এর গভীরতা ছিলো- ভূপৃষ্ঠ থেকে ৪১ দশমিক ৭ কিলোমিটার গভীরে। সুনামির কারণে ফুলে ওঠা জলরাশি এ ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩শ’ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

