বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার আকবর নগর গ্রাম থেকে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে প্রায় ৪শ টেটা ও বল্লম উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে আকবরনগর এলাকায় অভিযান চালানো হয়। এসময় সামাদ আলীর বাড়ি ও তার আশপাশের কয়েকটি বাড়ি থেকে প্রায় ৪শ টেটা ও বল্লম উদ্ধার করা হয়। তবে ওইসব বাড়িতে কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের পক্রিয়া চলছে।
প্রসঙ্গত, ফতুল্লা ও সিরাজদীখান থানার বর্ডার এলাকা হচ্ছে আকবরনগর। এ অঞ্চলের পুলিশের আনাগোনা কম থাকায় এলাকার লোকজন বীরদর্পে সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়াচ্ছে। আর ওই অঞ্চলের ইটভাটা গুলোতে দীর্ঘদিন ধরে সামেদ আলী বাহিনী চাঁদা আদায় করেছিল। আর ইদানিং সামেদ আলীর প্রতিপক্ষ কয়েকটি বাহিনীর একত্রিত হওয়ায় আলী হোসেন বাহিনীর ক্ষমতা দাপটে সামেদ আলী বাহিনীকে হটিয়ে তারা ইটভাটা গুলোতে চাঁদাবাজির পরিকল্পনা করে। আর মঙ্গলবার আলী হোসেন বাহিনী সপ্তাহের চাঁদা আদায় করতে গেলে দু’গ্রুপের সংর্ঘের রূপ নেয়। আর সংঘর্ষের ঘটনায় সামেদ আলী বাহিনীর বিরুদ্ধে মামলা দায়েরর পর গ্রেপ্তার এড়াতে তারা গা ঢাকা দেয়। সেই সুযোগে বুধবার সকালে আলী হোসেন বাহিনীর লোকজন সামেদ আলীর লোকের বাড়ি ঘর ভাঙচুর করার চেষ্টা করলে উত্তেজনা দেখা দেয়। পরে সিরাজদী খান ও ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
