বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের বাঘরী এলাকার মৃত শহীদুল্লাহ মিয়ার স্ত্রী বৃদ্ধা ফুলবাহার বসতবাড়ি হারিয়ে আজ ৪ ছেলে ও ১ মেয়েকে নিয়ে মানবেতর জীবন যাপন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিবরণে জানা যায়, ১৯৮৫ সালে কাঁচপুর ইউনিয়নের বাঘরী এলাকার শহীদুল্লাহ মিয়া ও তার স্ত্রী ফুলবাহার ৪৪ শতাংশ জায়গা স্থানীয় কালু মিয়ার ছেলে আনোয়ার হোসেনের কাছ থেকে ক্রয় করে এবং সেখানে বসবাস শুরু করে। যা বাঘরী মৌজায় সিএস/এসএ অনুযায়ি দাগ নং ২৫৭/২৫৮ এবং আর এস দাগ নং ৩২১/৩২২। এক পর্যায়ে শহীদুল্লাহ মিয়া অসুস্থ হয়ে মারা গেলে অসহায় ফুলবাহার তার সন্তানদের নিয়ে তার বাবার বাড়ি সাদিপুর ইউনিয়নের নানাখীতে চলে যায় এবং সেখানেই বসবাস করতে থাকে। অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে ছেলে-মেয়েদের মানুষ করে ফুলবাহার। এদিকে শহীদুল্লাহ মিয়ার অসুস্থতার সময় সামান্য কিছু টাকা দিয়ে মানবিক সাহায্য করেন নারায়ণগঞ্জের ছদরুল আলম নামক এক ব্যক্তি এবং সে ব্যক্তি কৌশলে একটি সাদা কাগজে ফুলবাহারের স্বাক্ষর নিয়ে সে স্বাক্ষরকে জ্বাল করে ২০০১ সালে শহীদুল্লাহ মিয়া ও তার স্ত্রী বৃদ্ধা ফুলবাহার উক্ত ৪৪ শতাংশ জায়গা তার নিকট বিক্রয় করেছেন এমন একটি ভূয়া দলিল তৈরী করে উক্ত জায়গা বন্দরের কুড়িপাড়ার মৃত মুজা মিয়ার ছেলে আলাউদ্দিনের নিকট বিক্রি করে। সেথেকে উক্ত জায়গা দখলে নিয়ে আলাউদ্দিনরা ভোগ দখল করে খাচ্ছে এবং শুধুমাত্র অসহায় পরিবার বলে তারা উক্ত জায়গার ধারেকাছেও ঘেষতে পারছেনা। বিভিন্ন সময় উক্ত জায়গার দলিল ভূয়া ও প্রতারণা করে তাদের জায়গা অন্যের কাছে বিক্রি করা হয়েছে এমন অভিযোগ আনলেও স্থানীয়রা ফুলবাহার সহ তার ছেলে-মেয়েদের কথা কেউ শুনেনি এবং আওয়ামী মটর চালক লীগ নেতা আলাউদ্দিনের লোকজন ভয়ভীতি দেখানোর কারণে তারা নিজের সম্পত্তি হয়েও উক্ত সম্পত্তি দাবী করতে পারছেনা বলে অভিযোগ করেছেন ফুলবাহার। বর্তমানে জায়গা হারিয়ে জায়গার শোকে পাগলপ্রায় অবস্থায় আছে ফুলবাহার। তার সম্পত্তি উদ্ধারে তাকে সর্বাত্মক সহায়তা প্রদানের জন্য তিনি না’গঞ্জ জেলা প্রশাসক গোলাম রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার মঈনুল হক, সোনারগাঁও আসনের এমপি লিয়াকত হোসেন খোকা সহ প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য আলাউদ্দিন নাসিক ২৭নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হত্যার ১নং আসামী, হরিপুর ও বঙ্গশাসন এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত বলে তার বিরুদ্ধে অভিযোগ আছে এবং বর্তমানে সে আওয়ামী মটর চালক লীগ নেতা বলে জানা গেছে।
