বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন (ব্যাংকের মোড়) ফতুল্লার সস্তাপুরে শতদল সমাজ কল্যাণ সংঘের ব্যানারে গড়া স্থানীয় আওয়ামীলীগ নেতাদের একটি ক্লাব ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার রাতে স্থানীয় আওয়ামীলীগের দুই নেতা গিয়াসউদ্দিন গেসু ও মজিবুর রহমানের সমর্থকদের বিরোধের জের ধরে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এতে গিয়াসউদ্দিন গেসু ও মজিবুর রহমানের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন ফতুল্লার সস্তাপুরে শতদল সমাজ কল্যাণ সংঘের ব্যানারে গড়া একটি ক্লাবঘরে নিয়মিত বসতো স্থানীয় আওয়ামীলীগ নেতা ও তার লোকজন। এখান থেকেই তারা আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচী পালন করতো। এছাড়া সামাজিক বিচার শালিসও এখান থেকে হতো। সোমবার সন্ধ্যায় একটি রাস্তার নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের নেতা মজিবুর রহমানের চাচা সিরাজুলকে মারধর করে গিয়াসউদ্দিনর লোক স্বপন ও সিরাজুল। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় সিরাজুলের ছেলে জনি, রানা ও তাদের লোকজন এসে শতদল সমাজ কল্যাণ সংঘের ব্যানারে গড়া ক্লাবটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্লাব ভাঙচুরের ঘটনায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ফতুল্লা মডেল থানার এসআই কাজী এনামুল জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্লাবটি ভাঙচুর করার সত্যতা পেয়েছেন। এ বিষয়ে স্থানীয় লোকজন সিরাজুলের ছেলে জনি, রানা ও তাদের লোকজনের বিরুদ্ধে মৌখিকভাবে অভিযোগ করেছেন। তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
