বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকা থেকে রোববার সকালে র্যাব-১১ অভিযান চালায়। অভিযান চলাকালে অপহৃত আনোয়ার বেপারী(৪০) নামে এক ব্যবসায়ী উদ্ধার ও আব্দুল আলীম(৩৮), মমতাজ বেগম(২৮) ও সুমি আক্তার(২৬) নামে অপহরণকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে। এ ঘটনায় অপহৃত আনোয়ার বেপারীর স্ত্রী রুনা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করলে র্যাব-১১ রোরবার সন্ধ্যায় গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করে। এসময় অপহরণকারীদের কাছ থেকে অপহৃত আনোয়ার বেপারী ও মুক্তিপনের ১৫ হাজার টাকাসহ মোট ৯৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, বন্দর উপজেলার কুড়িপাড়া গ্রামের ফজল মিয়ার ভাড়াটিয়া ও চাঁদপুর জেলার সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা রং মিস্ত্রি আনোয়ার বেপারীকে শনিবার সকালে রংয়ের কাজ দেওয়ার কথা বলে বাড়ি থেকে মোবাইল ফোনে গকুলদাসের বাগ এলাকায় ডেকে নিয়ে যায় অপহারণকারী চক্রের সদস্য আব্দুল আলীম। আলীম অপর অপহারণকারী চক্রের সদস্য মমতাজ বেগমের বাড়িতে নিয়ে যায়। আগে থেকে উপস্থিত অপহরণকারী সুমি আক্তার, সোহেল ও বিপ্লব অপহৃত আনোয়ারকে একটি ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে অপহৃতের গায়ের জামা খুলে তার ইচ্ছার বিরুদ্ধে ঝাপটে ধরে মোবাইল ফোনে ছবি তোলে। মোবাইল ফোনে তোলা ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এছাড়াও কৌশলে অপহরণকারীরা অপহৃত আনোয়ার বেপারীর মোবাইল থেকে তার স্ত্রী রুনা বেগমের মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবী করে। গবির বলে এতো টাকা দেওয়ার সম্ভব না বললে মোবাইল ফোন চালু রেখে আনোয়ার বেপারীকে মারধর করে। এসময় আনোয়ার চিৎকার শুনতে পায় স্ত্রীর রুনা বেগম। পরে আনোয়ার বেপারীকে বাঁচাতে তার স্ত্রীর কাছে পুনরায় অপহরণকারীরা ৫০ হাজার টাকা দাবী করে। দাবীকৃত টাকা না দিলে তাকে হত্যার করা হবে বলে জানায়।
এ ঘটনার পর অপহৃত আনোয়ারের স্ত্রী রুনা বেগম র্যাব-১১ কার্যালয়ে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে র্যাব-১১ এএসপি আলেপউদ্দিনের নেতৃত্বে একটি দল রোববার সকালে সোনারগাঁওয়ের কাঁচপুর সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সদস্য আব্দুল আলীম, মমতাজ বেগম ও সুমি আক্তারকে গ্রেফতার করে। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে সোহেল ও বিপ্লব পালিয়ে যায়। এসময় আনোয়ার বেপারীকে উদ্ধার করা হয়। অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে মুক্তিপনের নগদ ১৫ হাজার টাকাসহ ৯৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল আলীম কুষ্টিয়ার সদর থানার আড়পাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে, মমতাজ বেগম কাঁচপুর সোনাপুর পুরান বাজার এলাকার মোসলেমউদ্দিনের মেয়ে ও সুমি আক্তার কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার চান্দিনা বাররা গ্রামের মো. আলমের স্ত্রী। গ্রেফতারকৃতরা সবাই কাঁচপুর ও বন্দর এলাকায় ভাড়াটিয়া।
সোনারগাঁ থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের বলেন, অপহরণের ঘটনায় একটি মামলা গ্রহন করা হয়েছে। র্যাব-১১ গ্রেফতারকৃত ৩ জনকে থানায় হস্তান্তর করেছে। সোমবার গ্রেফতাকৃতদের আদালতে পাঠানো হবে।
