বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের দিকে দেশের মানুষ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এখানে প্রমাণ হবে সরকার জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিবে কি না।
বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘বিজয়ের ৪৫ বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভাটি আয়োজন করে বীর উত্তম শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদ নামক একটি সংগঠন।
তিনি বলেন, ‘দেশে নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এখন আর নির্বাচন নেই, আছে নির্বাচনী প্রকল্প আর এই প্রকল্পের কাজ হচ্ছে ক্ষমতাসীনদের জিতিয়ে দেওয়া।’
রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির আলোচনা প্রসঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বক্তব্যের সমালোচনা করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তাদের (আওয়ামী লীগের) নেতা-কর্মীদের ভাষা উন্নত হওয়া উচিত। তারা যেভাবে কথা বলছেন, মনে হচ্ছে দেশে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার মালিক তারা। এই ধরনের ধারণা থেকে তাদের বের হয়ে আসা উচিত।’
আয়োজক সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম হোসেন রাজু প্রমূখ।
