বিজয় বার্তা ২৪ ডট কম
নাসিক নির্বাচনে অতীতের নির্বাচনগুলোর মত ভোট কারচুপি করা হলে সারা দেশে আগুন জ্বলে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নাসিক নির্বাচনে সেনাবাহিনী মোতায়নের দাবিতে এক মানববন্ধনে শামসুজ্জামান দুদু এ মন্তব্য করেন।মানববন্ধনটির আয়োজন করে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন।
সরকারকে হুঁশিয়ারি দিয়ে শামসুজ্জামান দুদু বলেন, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)নির্বাচন সুষ্ঠ হলে যে কোনো ফলাফল বিএনপি মেনে নিবে। আর যদি অতীতের নির্বাচনগুলোর মত ভোট কারচুপি করা হয় সারা দেশে আগুন জ্বলে উঠবে সেই আগুনে আপনাদের গদি পুরে ছাড়খার হয়ে যাবে।
নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নাসিকে থমথমে অবস্থা বিরাজ করছে এমন মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, নাসিকে সন্ত্রাসীরা ঘোরাফেরা করছে। প্রতিদিনই তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমন অবস্থায় বিএনপি আতঙ্কিত, উদ্বিগ্ন এবং হতাশ।
তিনি বলেন,ক্ষমতাসীন সরকার এবং রকিব উদ্দিনের নেতৃত্বে নাসিকে যে নির্বাচন হতে যাচ্ছে তাদের অধিনে অতীতে কোনো সুষ্ঠ নির্বাচনের রেকর্ড নেই।
এ সময় নির্বাচন কমিশনের উদ্দেশ্য ছাত্রদলের সাবেক এ সভাপতি বলেন, অনেক খারাপ কাজ করেছেন। বিদায়ের আগে অন্তত একটি ভাল কাজ করুন। নাসিকে জনগনের ভোটাধিকার ফিরিয়ে দিন।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরো ক্তব্য রাখেন-বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সুকোল বড়ূয়া, লেবার পার্টির সভাপতি ডা:মোস্তাফিজুর রহমান ইরান, সংগঠনের সহ-সভাপতি নাজমুল হোসেন রনি প্রমুখ।

