বিজয় বার্তা ২৪ ডট কম
পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মাহফুজুল হক নুরুজ্জামান বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে। ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে প্রয়োজনে গুলি করা হবে।’
মঙ্গলবার নারায়ণগঞ্জের মাসদাইর পুলিশ লাইন এলাকায় সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাহফুজুল হক নুরুজ্জামান আরো বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া পুলিশের দায়িত্ব। নির্বাচনে যেন কেউ ভোটকেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাই বা জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এরপরও কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি করা হবে। এমন পরিস্থিতিতে কোনো পুলিশ সদস্য গুলি না করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই এখানে অতিরিক্ত ফোর্স দেওয়া হয়েছে। প্রয়োজনে আরো দেওয়া হবে।’
অপর এক প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, ‘সরকারি বা বিরোধী দল দেখার সুযোগ নেই। সুষ্ঠু নির্বাচন ও নাগরিকদের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সব পদক্ষেপ নেবে। যারা বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
