বিজয় বার্তা ২৪ ডট কম
নিজ দলের সংসদ সদস্য (বড় ভাই) শামীম ওসমানের উপহার দেয়া নৌকা প্রতীকের নকশা করা দুটি শাড়ি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। আর শাড়ি পেয়ে তাকে ধন্যবাদ জানাতে ভুলেননি আইভী। তবে শামীম ওসমানের দেয়া শাড়ি এখনো তিনি পরেননি।
শনিবার বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারণা চলে, বড় ভাইয়ের নৌকা প্রতীক খচিত শাড়ি পরে প্রচারণায় নামেন বোন আইভী। কিন্তু আইভী বলছেন অন্য কথা। শামীম ওসমানের দেয়া শাড়ি পরে নয়, নিজের কেনা নৌকা প্রতীকের নকশা করা শাড়ি পরে তিনি প্রচারণা নামেন।
এ বিষয়ে জানতে চাইলে আইভী বলেন, “বড় ভাই (শামীম ওসমান) শাড়ি উপহার দিয়েছেন তা আমি নিয়েছি। তবে তার দেয়া শাড়ি পরে আজ নির্বাচনী প্রচারে অংশ নেইনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যেসব ছবি দিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে তা মিথ্যা।”
তিনি আরো বলেন, “নৌকা প্রতীকের নকশা করা একই রকম শাড়ি আমার নিজেরই আছে। গত ২৪ নভেম্বর আমি নৌকা নকশা করা শাড়ি পরে মনোনয়নপত্র জমা দিয়েছি তা আপনারাও দেখেছেন। ওই দিনের ছবিকে আজকের প্রচারণার ছবি বলে প্রচার করা হচ্ছে। তবে এসব বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।
গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন পরিষদের নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে আইভীকে শাড়ি উপহার দেয়ার কথা জানান শামীম ওসমান। সংবাদ সম্মেলনে সবার উপস্থিতে নৌকা প্রতীকের নকশা করা দুটি শাড়ি দেখান।
শাড়ি দুটিতে সাদা জমিনের ওপর লাল-সবুজ নৌকা প্রতীক, সাথে লাল-সবুজ চিকন পাড়, আর সবুজ আঁচলে বড় একটি নৌকা প্রতীক। এগুলো আইভীর জন্য বিশেষভাবে তৈরি করিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান শামীম ওসমান।
তবে গত ২৪ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার দিন একই রকম শাড়ি পরে থাকতে দেখা যায় আইভীকে।

