বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে সাত খুনের দুটি মামলায় আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুরু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এই যুক্তিতর্ক হয়। এদিকে যুক্তিতর্ক শেষে আগামী ১৬ জানুয়ারী মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত।
এই নিয়ে ৭ খুনের ঘটনায় মোট ৩৫ আসামির আইনজীবী যুক্তিতর্ক সম্পন্ন করেছেন।
আজ সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যাবের প্রাক্তন তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
এর আগে গত ২৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যুক্তিতর্ক শেষে আসামিদের রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন করেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিনদিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় পৃথক দুটি মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা ৩৫ আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বর্তমানে ওই দুই মামলায় র্যাবের ৮ সদস্যসহ ১২ জন পলাতক রয়েছে।

