বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জের ফতুল্লায় সড়কের ড্রেন নির্মানকে কেন্দ্র করে এনায়েতনগর ইউপি চেয়ারম্যানের সাথে গফুর সুপার মার্কেট কর্তৃপক্ষের সংঘর্ষের ঘটনায় ভাংচুর, হামলা, সড়ক অবরোধ, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় চেয়ারম্যানের পক্ষ নিয়ে আওয়ামীলীগ ও যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশত নেতাকর্মী গফুর সুপার মার্কেটে হামলা করে ব্যাপক ভাংচুর শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে সড়কের আশপাশের সকল মার্কেটের দোকানপাট ও প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে এএসপি শরফুদ্দিনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বড়ধরনের ক্ষয়ক্ষতি প্রতিরোধ করতে পারলেও বিক্ষোভকারীরা ঢাকা-নারায়নগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এর ফলে প্রায় ১ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। সোমবার বিকাল আড়াইটায় পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন ও এএসপি শরফুদ্দিন বিজয় বার্তা ২৪ কে জানান, গফুর মার্কেটের সামনে সরকারী ড্রেন নির্মান নিয়ে মার্কেটের মালিকপক্ষের সাথে এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামানের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে আসাদুজ্জামানের সমর্থিত লোকজন জড়ো হয়ে পঞ্চবটি এলাকায় সমবেত হয় এবং গফুর সুপার মার্কেটের হামলা চালায়। এ সময় মার্কেটের মূল ফটকগুলো বন্ধ করে দেয়া হলে ভাংচুরকারীরা মার্কেটের বাইরে থাকা ক্ষুদ্র দোকানপাট ভাংচুর করে। এতে পান সিগারেটের দোকান, ডিমের দোকানসহ বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
তবে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়ায় বাধা পেয়ে আসাদুজ্জামানের সমর্থকেরা ঢাকা-নারায়নগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে অবস্থান নেয় এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। প্রায় ঘন্টা খানেক অবরোধ শেষে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের গ্রেফতারের আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এনায়েতনগর ইউপি মেম্বার স্থানীয় আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন আহমেদ বিজয় বার্তা ২৪ কে জানান, গফুর সুপার মার্কেটের সামনে দিয়ে সড়কে ড্রেনের কাজ চলছে। এ অবস্থায় মার্কেটের ভেতরে সরকারী জায়গা থাকায় সেখানে ভাঙ্গার কারনে গফুর মার্কেটের মালিক পিপুল তার ভাই মাসুদসহ কয়েকজন একত্রিত হয়ে চেয়ারম্যান আসাদুজ্জামানের উপরে হামলা চালায়।
তবে মার্কেট কর্তৃপক্ষ বিজয় বার্তা ২৪ কে জানান, আমাদের জায়গার উপরে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তারপরেও নিষেধাজ্ঞা অমান্য করে চেয়ারম্যান আসাদুজ্জামান উদ্দেশ্য প্রনোদিত হয়ে মার্কেটের ভেতরে ভাংচুরের চেষ্টা করলে আমরা আপত্তি জানাই। এতে ক্ষিপ্ত হয়ে আমাদের সাথে ঝগড়ায় লিপ্ত হলে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনার জের ধরে আসাদুজ্জামানের লোকজন মার্র্কেটে হামলা চালিয়ে ব্যাপক তান্ডব চালায়।
ঘটনার পর বিকেল ৫টায় সহকারী পুলিশ সুপার শরফুদ্দিন জানান, প্রায় ঘন্টা খানেক সড়কে যানচলাচল বন্ধ থাকলেও এখন পরিস্থিতি শ্বান্ত রয়েছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। চেয়ারম্যান আসাদুজ্জামান বিকাল ৫টা পর্যন্ত থানায় অবস্থান করছেন। উধ্বৃতন কর্র্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

