স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে যাত্রী হত্যার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ পলাতক ২৮ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন।
এছাড়া পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা গেল কি না- তা পুলিশকে ২৭ এপ্রিল জানাতে নির্দেশ দিয়েছে আদালত।
গত বছরের ২৩ জানুয়ারি রাতে মাতুয়াইলের কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় ৩১ জন দগ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে নুরে আলম নামের এক ঠিকাদার মারা যান।
এ ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি এবং ২০-দলীয় জোটের ৬৯ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটিসহ দুটি মামলা করা হয়।