স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দারিদ্র্য দূরীকরণে সরকার বিভিন্ন রকমের সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশে একজন দরিদ্র মানুষ থাকলেও সরকার সামাজিক নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাবে।
রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ডন ফোরামের যৌথ উদ্যোগে জাতীয় কৈশোর সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এ সম্মেলনের প্রতিপাদ্য হলো- নিরাপদ কৈশোর, আলোকিত আগামী এবং স্লোগান হলো- বাল্যবিবাহ বন্ধ কর, কিশোরী মাতৃত্ব রোধ কর।
মেহের আফরোজ চুমকি বলেন, শিক্ষিত ও অর্থনৈতিকভাবে শক্তিশালী পরিবারে বাল্যবিবাহের সংখ্যা খুবই কম। পক্ষান্তরে দরিদ্র পরিবারে বাল্যবিবাহের সংখ্যা বেশি। বাল্যবিবাহ রোধ করতে হলে দারিদ্র্য দূরীকরণে বেশি গুরুত্ব দিতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার বাল্যবিবাহ রোধে বদ্ধপরিকর। বাল্যবিবাহ বন্ধে সরকার কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে। এই আইনে মেয়েদের বিবাহের বয়স ১৮ বছরই থাকছে। শাস্তি ও জরিমানা বৃদ্ধি করা হয়েছে। বয়স প্রমাণে নোটারি পাবলিক গ্রহণযোগ্য হবে না।
তিনি বলেন, কোনো সমস্যার সব দিক বিবেচনা করে আইন করা হয়। নতুন আইনের যথাযথ বাস্তবায়ন ও অপপ্রয়োগ বন্ধে সকলে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ডন ফোরামের চেয়ারম্যান মো. মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিনায়েট গেব্রেজিয়েভার, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. ইকবাল আহমেদ এবং উদ্দীপনের নির্বাহী পরিচালক মো. ইমরানুল হক চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।